
স্টাফ রিপোর্টার
পুঁজিবাজারে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সঙ্গে সাকিব আল হাসান। ফাইল ছবি
ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য একটি বিড়ম্বনার অবসান হলো। পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুকে নিয়ে গড়া ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংসের নথিপত্রে তার বাবার নামের জায়গায় হিরুর শ্বশুরের নাম চলে আসার পর যে কটূ বাক্যবাণে জর্জর হতে হয়েছে, সেটি আর হতে হবে না।
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের বাবার নামের ভুল সংশোধন হয়েছে।
হিরু বলেন, ‘আমরা এর মধ্যে ভুল সংশোধন করেছি। দুই-এক দিনের মধ্যেই আমরা কাগজ হাতে পাব।’
সাকিব আল হাসানের বাবার নাম খন্দকার মাসরুর রেজা। কিন্তু মোনার্কের নথিপত্রে ছিল কাজী আব্দুল লতিফ। এই লতিফ হিরুর শ্বশুর।
এই হিরুর হাত ধরেই পুঁজিবাজারে নাম লিখিয়েছেন সাকিব। পুঁজিবাজারে কারসাজির অভিযোগে ১০ কোটি টাকারও বেশি জরিমানা দেয়া হিরুর সঙ্গে সাকিবের নামও ছিল। তবে তদন্তে সাকিবের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ হয়নি বলে জানাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
হিরু জানান, যখন জয়েন্ট স্টকে মোনার্ক হোল্ডিংয়ের নিবন্ধন করা হয়, তখন এ বিষয়টি ছিল না। এর পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদনের সময় এটি ছাপার ভুল হয়েছে। তাদের প্রতিষ্ঠান মোনার্কের একজন শীর্ষ কর্মকর্তারও দাবি ছিল তাই।
গত ১৭ সেপ্টেম্বর এই ভুলের কথা জানতে পেরে পরদিন সেটি সংশোধন করতে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর বা আরজেএসসিতে কাজগপত্র পাঠানো হয়।
হিরু যে নথিপত্র পাঠিয়েছেন, তাতে তার এই বক্তব্যের স্বপক্ষেই প্রমাণ দেখা যায়। মূল নথিতে সাকিবের বাবার নাম ঠিকই আছে।
২০২১ সালের ১২ অক্টোবর পরিশোধিত মূলধন বাড়াতে যে আবেদন জমা দেয়া হয়, তাতেও সাকিবের বাবার নাম ঠিকই আছে। পরে জয়েন্ট স্টক অফিস থেকেই তা পরিবর্তন হয়ে যায়।
এ বিষয়ে সাকিবের বক্তব্য পাওয়া যায়নি। তবে মোনার্কের এক কর্মকর্তার দাবি, এটি অনিচ্ছাকৃত ভুল, যেটির দায় আসলে সাকিবের নয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com