সিলেটসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত: আফরোজা আব্বাস

admin
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন আফরোজা আব্বাস। তিনি ওই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস–এর স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট।সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি।

আফরোজা আব্বাস বলেন, “আমি প্রধান এজেন্ট ছিলাম। সব কেন্দ্রে যাওয়ার অনুমতি আমার ছিল। কিন্তু আমি কোথাও নিয়মবহির্ভূতভাবে গিয়ে প্রভাব বিস্তার করিনি।”

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু প্রিসাইডিং কর্মকর্তা ফাঁকা জায়গায় পড়া ভোট ‘ধানের শীষ’ প্রতীকে যোগ করেননি। তার দাবি, এসব ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই অনিয়ম করেছেন।

বাতিল হওয়া ভোট প্রসঙ্গে তিনি বলেন, “ফাঁকা জায়গায় পড়া ভোটগুলো ধানের শীষে যোগ করার জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু তা করা হয়নি। যোগ হলে মির্জা আব্বাসের ঝুলিতে আরও কয়েক হাজার ভোট যুক্ত হতো।”

এদিকে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৫ হাজার ২০৯।

তবে ফলাফল প্রত্যাখ্যান করে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন। আবেদনে তিনি ঢাকা-৮ আসনে অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি বাতিল ঘোষিত ভোট পুনর্বিবেচনা করে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।