সিলেটমঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

এমপি আসবেন তাই হাসপাতালে ভর্তি হলেন নির্বাচনের দিন সংঘর্ষে আহত হওয়া ২৩ রোগী

admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ২৩ জন রোগী স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। ঘটনাটি ঘটে সোমবার।স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। সে সময় ২৩ জন ব্যক্তি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সংঘর্ষে তারা আহত হয়েছেন।

তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, আগে শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন। পরে অসুস্থতা অনুভব করায় সরকারি হাসপাতালে আসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অনেকের হাত-পায়ে নতুন ব্যান্ডেজ ছিল। দুপুর ১টার দিকে এমপি হাসপাতাল ত্যাগ করার পরপরই ওই ২৩ জনও হাসপাতাল ছাড়েন।

হাসপাতালে ভর্তি থাকা আনোয়ারার মাজারগেট এলাকার মো. আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, ওই ২৩ জনকে জায়গা দিতে গিয়ে তাদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে দেওয়া হয় এবং কিছু সময় করিডোরে অপেক্ষা করতে হয়। পরে এমপি চলে যাওয়ার পর তাদের শয্যা ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা শয্যার চেয়ে কম ছিল। ওই ২৩ জন ফলোআপের জন্য এসেছিলেন এবং কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষণের জন্য তাদের ভর্তি করেন।

তিনি জানান, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে তাদের একটি ওয়ার্ডে একসঙ্গে রাখা হয় এবং অন্য রোগীদের খালি শয্যা থাকা কক্ষে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ বোধ করায় ছাড়পত্র দেওয়া হয়েছে।