স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্র জুনায়েদ মিয়া (১৫) হত্যা মামলার অভিযুক্ত আল আমিনকে (২৭) সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
আল আমিন মৌলভীবাজার শ্রীমঙ্গল ভূনবীর এলাকার আহাদ মিয়ার ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, নিহত জুনায়েদ মিয়া শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং দুবাই প্রবাসীর ছেলে। সে তার মায়ের সঙ্গে বসবাস করত। গত ২৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে জুনায়েদ বাড়ির সামনে একটি গাছের নিচে বসে মোবাইলে গেম খেলছিল। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাকে না পেয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।নিখোঁজের দুদিন পর ২৯ মার্চ রাতে শ্রীমঙ্গলের পূর্ব বাদে আলীশা এলাকার একটি ঘাস ক্ষেত থেকে জুনায়েদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকান্ডের দাবি তোলা হয়। এ ঘটনায় জুনায়েদের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করে র্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

