সিলেটশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওরে বন্যা ও নগরে জলাবদ্ধতার শঙ্কা

admin
এপ্রিল ২৫, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

আগামী চারদিন সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উজান থেকে নামতে পারে ঢল। এতে হাওরসহ নিচু এলাকাগুলোতে অস্থায়ী বন্যা ও নগরে জলাবদ্ধতা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সিলেটসহ আশপাশের এলাকায় স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট নগরে জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অদিদপ্তর।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জসহ সংলগ্ন হাওর অববাহিকায় আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকদের জমির বোরো ধান দ্রুত কেটে ফেলার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এক পূর্বাভাসে পাউবো জানিয়েছে, সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অপরদিকে ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল স্থিতিশীল রয়েছে এবং নদীসমূহ প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, টানা বৃষ্টিপাত হলে নগরের সড়কগুলোতে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ার ঝুঁকিও রয়েছে অনেক এলাকায়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং জলাবদ্ধতা-প্রবণ এলাকায় সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১ দশমিক ৭৬ মিটার বা ৫ দশমিক ৭৭ ফুট নিচে অবস্থান করছে। কিন্তু ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে কৃষকের বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, তা দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পাউবো।

৯৬ ঘণ্টা ভারী বৃষ্টির সতর্কবার্তা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ (২৪ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হতে পারে।

এর প্রভাবে ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং তা ক্রমশ বাড়তে পারে।