নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জাফলংয়ে অভিযান চালিয়ে ৬ হাজার ৯ শত ২৭ ঘনফুট পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। সোমবার (১৮ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, ‘অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এসব পাথর নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা করা হবে। জব্দকৃত পাথর স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রয়েছে। জাফলংয়ের প্রকৃতি ও গো পরিবেশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

