নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের শাল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় র্যাব-৯ এবং র্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী সুমন মিয়াকে (২৫) চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরস্থ ০১নং রেল গেইট এলাকা থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শাল্লা থানা পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
গ্রেফতারকৃত সুমন মিয়া সুনামগঞ্জের শাল্লা থানাধীন ফয়জুল্লাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
র্যাব জানায়, নিহত ছাদির হোসেন (৩৮) সুনামগঞ্জ জেলার শাল্লা থানাধীন ফয়জুল্লাপুর এলাকার বাসিন্দা। গত ২৯ মে বিকালে বাচ্চাদের ফুটবল খেলার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিবাদীদের সাথে ছাদির হোসেনের পরিবারের সদস্যদের বাকবিতন্ডা হয়। এরই প্রেক্ষিতে রাতে ছাদিরের বাড়িতে অতর্কিতভাবে হামলা করা হয়। এসময় গ্রেফতারকৃত সুমন মিয়া তার হাতে থাকা লোহার কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে নিহত ছাদির হোসেনের মাথায় কোপ মারলে উক্ত কোপ ভিকটিমরে মাথার পিছনে লেগে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে নজরুল মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করার জন্য মুখের মধ্যে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে সন্ধ্যায় ছাদির হোসেন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সুনামগঞ্জ জেলার শাল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

