স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবু তার সাবেক সতীর্থ ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ মনে করেন, ফুটবল ইতিহাসে মেসির সঙ্গে কারো তুলনা চলে না। তার ভাষায়, মেসি হচ্ছেন ফুটবলের ‘মাইকেল জর্ডান’, যিনি প্রায় অতিমানব।
সম্প্রতি এক লেখায় জাভি স্মৃতিচারণ করে জানান, প্রথমবার মেসির নাম শুনেছিলেন যখন আর্জেন্টিনার এক কিশোর বার্সেলোনার একাডেমিতে যোগ দিতে যাচ্ছিল। তখন অনেকেই তাকে বলেছিলেন, এই ছেলেটি অন্য সবার চেয়ে আলাদা। কিন্তু জাভি শুরুতে বিষয়টি বিশ্বাসই করেননি।
তবে ২০০৪ সালে প্রথমবার মেসির সঙ্গে অনুশীলনে নেমে তার ধারণা বদলে যায়। জাভি বলেন, ‘প্রথম দিনই আমি বুঝেছিলাম, সে (মেসি) অন্যরকম। বল নিয়ন্ত্রণ, ড্রিবল, পাস, সতীর্থদের সঙ্গে সমন্বয়। সবকিছুতেই সে অসাধারণ ছিল।
বার্সেলোনার হয়ে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন জাভি ও মেসি। সেই অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ‘মেসির সঙ্গে খেলা খুব সহজ ছিল। আপনি যদি মেসির সঙ্গে সমন্বয় করতে না পারেন, তাহলে ফুটবলই খেলতে পারবেন না। সে সবসময় নিখুঁত সময়ে, নিখুঁতভাবে বল ফেরত দিত।
বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেসি। ৩৮ বছর বয়সেও তার পারফরম্যান্স দেখে মুগ্ধ জাভি।
তিনি বলেন, ‘অনেকে বলছিল মেসি আর আগের মতো নেই। কিন্তু সে মাঠে নেমেই হ্যাটট্রিক করে সবাইকে জবাব দিয়েছে। আমি ম্যাচের পর তাকে বার্তা পাঠিয়েছিলাম। বলেছিলাম, ‘তুমি জোকস করতেছ! তোমার খেলা দেখে আমি শুধু হাসতে পারি।’
মেসির ফুটবল বুদ্ধিমত্তারও ভূয়সী প্রশংসা করেন জাভি। তার মতে, মেসির সবচেয়ে বড় শক্তি হলো খেলার পরিস্থিতি বুঝে নেওয়ার অসাধারণ ক্ষমতা।
জাভি বলেন, ‘সে (মেসি) সবসময় চারপাশ পর্যবেক্ষণ করে। অনেক সময় হাঁটছে মনে হলেও আসলে প্রতিপক্ষের অবস্থান, ফাঁকা জায়গা সব বিশ্লেষণ করছে। তার ফুটবল মস্তিষ্ক অবিশ্বাস্য।’
শেষে মেসিকে সর্বকালের সেরা আখ্যা দিয়ে বার্সেলোনার সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি বলি, মেসি ফুটবলের মাইকেল জর্ডান। তার সঙ্গে কারো তুলনা হয় না। গত ২০ বছর ধরে সে বিশ্বের সেরা খেলোয়াড়। তার মানসিকতা, প্রতিযোগিতার ক্ষুধা এবং দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকার ক্ষমতা সত্যিই অনন্য। আমি মনে করি, মেসির মতো আর কোনো ফুটবলার আমরা কখনো দেখব না।’
উল্লেখ্য, মাইকেল জর্ডানকে বাস্কেটবলের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি এই তারকা ছয়বার এনবিএ চ্যাম্পিয়ন হয়েছেন এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে তিনি উৎকর্ষ, সাফল্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে পরিচিত। তাই জাভির এই তুলনা মেসির প্রতি তার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ।

