নিউজ ডেস্ক :
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, ফরিদপুর, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২২ জুন) সচিবালয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতেও এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে।
ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত চিঠির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

