নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জে আছিয়া বেগমকে হত্যা করে যশোরে আত্মগোপনে থাকা হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৭ জুন) রাতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাফিজুর রহমান (৩০) সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বনগাঁও গ্রামের নূর মিয়ার ছেলে।
রবিবার (২৮ জুন) সকালে গ্রেফতার হাফিজুর রহমানকে ছাতক থানা পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
রবিবার দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, নিহত আছিয়া বেগম সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বনগাঁও এলাকার বাসিন্দা। আসামী নূর মিয়া নিহত আছিয়া বেগমের শ্বশুর। ভিকটিমের মেয়ের স্বামী একজন প্রবাসী। আছিয়া বেগমের সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের প্রায় সময় বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হত এবং মারধর করত। ঘটনার কয়েকদিন আগে পারিবারিক বিষয় নিয়ে ভিকটিমের মেয়ের শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে।
এ বছরের ৭ জুন সকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠক শেষে ভিকটিম ও তার স্বামী নিজ বাড়িতে আসার পথে নূর মিয়ার হুকুমে অন্যান্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আছিয়া বেগম ও তার স্বামীর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আশপাশের লোকজন আছিয়া বেগম এবং তার স্বামীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া বেগম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।

