স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিগগিরই নয়াদিল্লি সফরের সম্ভাবনা নেই; দুই দেশের ব্যস্ত কূটনৈতিক সূচি এবং সফরের বিভিন্ন বিষয় এখনো চূড়ান্ত না হওয়ায় অদূর ভবিষ্যতে এ সফর হচ্ছে না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, অক্টোবরে তারেক রহমান জাপান সফরে যেতে পারেন। এরপর নভেম্বরে তুরস্ক ও সৌদি আরব সফরের কথা রয়েছে তার।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৬ থেকে ১৮ নভেম্বর ফিলিপাইন সফরের কথা রয়েছে। সেখানে তিনি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া ডিসেম্বর মাসে তার যুক্তরাষ্ট্র, কানাডা ও বেলজিয়াম সফরের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমানকে ভারত দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছে। এর একটি দ্বিপাক্ষিক সফরের জন্য, অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।
তবে বাংলাদেশ সরকার গত মাসের ব্রিকস সম্মেলনে অংশ নেয়নি। অন্যদিকে তারেক রহমানের দ্বিপাক্ষিক সফরের তারিখও এখনো দুই দেশ চূড়ান্ত করতে পারেনি।
বাণিজ্য বৈঠকও ঝুলে আছে
বাংলাদেশ নয়াদিল্লিতে যৌথ ‘ওয়ার্কিং গ্রুপ অন ট্রেড’-এর বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিল। এরপর দুই দেশের বাণিজ্যসচিবদের বৈঠক আয়োজনেরও প্রস্তাব ছিল।
তবে হিন্দুস্তান টাইমসকে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ভারত ঢাকাকে জানিয়েছে— ট্রানজিট ও সীমান্ত বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা অন্যান্য প্রাতিষ্ঠানিক ফোরামের বৈঠক শেষ হওয়ার পরই এ বৈঠক হতে পারে।
এদিকে যৌথ কনস্যুলার বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তারিখ নিয়েও দুই দেশ কাজ করছে। বৈঠকটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

