নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২২ অক্টোবর মারা যাওয়া শিশু দুটির বাড়ি সুনামগঞ্জ জেলায়। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১২৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৬৮ জন সন্দেহভাজন রোগী। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের শনিবারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশু দুটির মধ্যে একজনের নাম সিফাত। তার বয়স তিন মাস। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা মুজ্জামেলের সন্তান। অপর শিশুটির নাম ধ্বনি। তার বয়স ১০ মাস। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা দীপকের সন্তান।
দুজনই ২২ অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃত্যুগুলো সন্দেহভাজন হাম রোগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন হাম রোগে ১৯২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০ জন। সব মিলিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ৮৩। এর মধ্যে সন্দেহভাজন রোগে ৭৯ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে মোট মৃত্যু ৩২, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭১ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে সন্দেহভাজন হাম রোগে ৭০ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা ৪৬৮ জন সন্দেহভাজন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ২০০ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে ১৬৮ জন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছে।
এ ছাড়া নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে পাঁচজন এবং বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে রোগী ভর্তি রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২৫ জন সন্দেহভাজন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে।
চলতি বছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হবিগঞ্জের হিসাবের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com