সিলেটশনিবার , ৪ মে ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে এক মাসে সড়কে ঝরলো ৪৪ প্রাণ

admin
মে ৪, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে আশঙ্কাজনকহারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। কোনো কোনো দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ থেকে ৫ জন পর্যন্ত মারা যাচ্ছেন। বুধবার দিবাগত (১ মে) রাত সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা বাদশা গেটের সামনে ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হন। এর মধ্যে একজন নারী।

এদিকে, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- চলমান বছরের প্রথম ৩ মাসের চেয়ে চতুর্থ মাস অর্থাৎ- এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এ মাসে বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।
এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।

নিসচা’র প্রতিবেদনে প্রকাশ করা হয়- এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৮টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কেই ৫টি দুর্ঘটনায় ৭জন নিহত হয়েছেন।

সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

নিসচা’র প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়- এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৮ জন মোটরসাইকেলচালক ও আরোহী, ১৪ জন সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনাচালক এবং যাত্রী ও ৬ জন পথচারী।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৫টি দুর্ঘটনায় ২৩ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

এছাড়া এপ্রিল মাসে নিহত ৪৪ জনের মধ্যে ৩৫ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগের (মার্চ) মাসে সিলেট বিভাগে ৩৬টি দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছিলেন।