স্টাফ রিপোর্টার:
আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম- এই মর্মে কিছু অনলাইন পোর্টালে সংবাদ প্রচার হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
একইসঙ্গে শিবিরের যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
এস এম ফরহাদ জানান, এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত।
অতএব, বর্তমান সেশনের কোন দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রস্তাব করেন জামায়াতের কয়েকজন দায়িত্বশীল বলে জানা যায়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কেউ পরামর্শ বা প্রস্তাবনা দিতেই পারে, তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর যাকে অনুমোদন দেবেন আনুষ্ঠানিকভাবে ঢাকার মেয়র প্রার্থী হিসেবে তার নামই ঘোষণা করা হবে।
ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই আমাদের প্রার্থী চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি বলেন, সেটি খুব শিগগিরই জানানো হবে। তবে এখনো বিষয়টি কেন্দ্রীয় জামায়াতে ইসলামী থেকে অনুমোদিত হয়নি। সে কারণে আমরা নাম প্রকাশ আনুষ্ঠানিকভাবে করিনি। যদিও কেউ কেউ মেয়র পদে ডাকসু ভিপির নাম প্রচার করেছেন ।

