নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইটভাটার ম্যানেজার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) দুপুরে দিরাই-মদনপুর সড়কের পৌরসভার সুজানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি দিরাই উপজেলার শরীফপুর গ্রামের কে.ভি অটোব্রিকস্ ইটভাটার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি ইটভাটার মালিক মরহুম রেজু মিয়ার ভগ্নিপতি বলে জানা গেছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে আনোয়ার হোসেন ও ট্রাকচালক খালেক মিয়া কে.ভি অটোব্রিকস্ থেকে ট্রাকে করে ইট নিয়ে দিরাই সদরে যান। ইট খালাস শেষে ভাটায় ফেরার পথে সুজানগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ট্রাক সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এসময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।সংবাদ সাবস্ক্রিপশন
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

