নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কুরআন শরীফ হাফেজা এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে শ্রীপুর গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে তার এই লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই তরুণীর নাম শিমা বেগম (২৪)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের ময়না মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার (৬ জুন) রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষ করে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় টানা বৃষ্টি। এ সময় পরিবারের সবার অগোচরে কুরআনের হাফেজা শিমা নিজের বসতঘরের বারান্দায় গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে লিন্টারের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রবিবার (৭ জুন) সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, ‘প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, ওই কিশোরীর কিছু মানসিক সমস্যা ছিল। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।’

