নিউজ ডেস্ক :
ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন বলে শুক্রবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর শাফাক নিউজ এজেন্সির।
৭ মাত্রার বেশি শক্তির দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। এতে ১৮৯টি ভবন পুরোপুরি ধসে পড়ে এবং মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্গঠন কাজের জন্য ২০ কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সরকার যে অর্থ পাওয়ার আশা করছে, সেখান থেকেই এই অর্থায়ন করা হবে।
এদিকে ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তাও জোরদার হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ১৪টি সদস্য দেশের উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা সমন্বয় করছে। এছাড়া মেক্সিকো উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও জরুরি আশ্রয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

