সিলেটসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ট্রাম্পের ওপর মার্কিনিদের আস্থায় বড় ধস, বলছে জরিপ

admin
আগস্ট ৩, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপে অসন্তোষ বেড়েছে। দেশটির উল্লেখযোগ্যসংখ্যক মানুষ তার অভিবাসননীতি ও কার্যক্রমের ওপর আস্থা হারিয়েছেন। তারা বলছেন, ট্রাম্প অভিবাসন ইস্যুতে বাড়াবাড়ি করেছেন। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে বলা হয়েছে, অভিবাসন বিষয়ে জনসমর্থন কমে গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ বিষয়টি অর্থনীতি বা ইরানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

রোববার প্রকাশিত নতুন এক সমীক্ষা অনুযায়ী, মাত্র ৩৯ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক অভিবাসন বিষয়ে ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। দ্বিতীয় মেয়াদের শুরুতে এ হার ছিল ৪৯ শতাংশ।

আল জাজিরা জানিয়েছে, জনগণের এমন অবস্থানের পরও ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতি ১০ জন সমর্থকের মধ্যে প্রায় ৮ জনই অভিবাসন বিষয়ে তার পদক্ষেপকে সমর্থন করে চলেছেন। দ্বিতীয় মেয়াদের শুরুর তুলনায় এ সংখ্যা সামান্য কমেছে। সে সময় প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৯ জন রিপাবলিকান তার পদক্ষেপকে সমর্থন করতেন। তবে এ বিষয়ে তার নিজস্ব সমর্থকগোষ্ঠীর মধ্যে সমর্থন এখনো মোটামুটি স্থিতিশীল রয়েছে।

রিপাবলিকানরা অর্থনীতি বা ইরান ইস্যুর তুলনায় ট্রাম্পের অভিবাসননীতি পরিচালনার পদ্ধতিকে বেশি সমর্থন করেছেন। গত মাসে এপি-এনওআরসি জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানে ট্রাম্পের ভূমিকার প্রতি রিপাবলিকানদের সমর্থন সামান্য কমেছে।

সম্প্রতি পলিটিকোর একটি জরিপে দেখা গেছে, নিজেদের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মেগা) সমর্থক হিসেবে পরিচয় দেওয়া ভোটারদের মাত্র এক-তৃতীয়াংশ মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক মূল্য দেওয়া যৌক্তিক ছিল। সাধারণত এই ভোটাররাই ট্রাম্পের সবচেয়ে দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।

অভিবাসন বিষয়ে ট্রাম্প সীমা লঙ্ঘন করেছেন কি না, তা নিয়ে মার্কিনিরা বিভক্ত। প্রায় অর্ধেক মার্কিন প্রাপ্তবয়স্ক মনে করেন, বৈধ অভিবাসন সীমিত করার ক্ষেত্রে ট্রাম্প ‘অনেক বেশি বাড়াবাড়ি’ করেছেন। আবার ৪৭ শতাংশের মতে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বহিষ্কারের ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

খুব কমসংখ্যক রিপাবলিকান তথা প্রতি ১০ জনে দুজন বা তারও কম সংখ্যক মনে করেন, দেশে অবৈধভাবে থাকা অভিবাসীদের বহিষ্কার করা বা বৈধ অভিবাসন সীমিত করার ক্ষেত্রে ট্রাম্প ‘মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি’ করেছেন।

অর্থনীতি বিষয়েও ট্রাম্পের সামগ্রিক জনসমর্থন কমেছে। প্রতি ১০ জন মার্কিন প্রাপ্তবয়স্কের মধ্যে মাত্র ৩ জন অর্থাৎ ৩২ শতাংশ তার অর্থনীতি পরিচালনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। দ্বিতীয় মেয়াদের শুরুতে এ হার ছিল ৪০ শতাংশ। অর্থাৎ শুরুর অবস্থানের তুলনায় তার জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে।