স্টাফ রিপোর্টার:
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সিলেট সফর স্থগিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাণিজ্য সচিব।
সচিবের আকস্মিক এ প্রয়াণের কারণে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির পূর্বনির্ধারিত সিলেট সফর স্থগিত করা হয়েছে। আজ তার সিলেটে পৌঁছানোর কথা ছিল।
পারিবারিক ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।
বাণিজ্যমন্ত্রীর শোক:
বাণিজ্য সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার পেশাদারত্ব, দায়িত্ববোধ ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারাল, যা পূরণ করা কঠিন।”
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

