স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- চিকিৎসা প্রদান করা কোনো বাণিজ্য নয়, সেবা দেওয়া। তাই চিকিৎসকদের উচিৎ- আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসা দেওয়া। আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে বর্তমান ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজন ঠিক আছে, কিন্তু মানুষের কাছ থেকে টেস্টের জন্য অতিরিক্ত টাকা নেওয়া থেকে বিরত থাকতে হবে।
রবিবার (১৮ অক্টোবর) বিকালে বিয়ানীবাজারে ‘দ্যা রয়েল ডিজিটাল ডায়াগনস্টিক ঞ কনসালটেশন সেন্টার’র উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সম্মানিত অতিথিরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- এসব ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ শেষে বেকার তরুণ ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এটি একটি ভালো দিক। এছাড়া মফস্বলে চিকিৎসাসেবা ঠিকমতো দিলে জেলা বা বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে চাপ অনেকটাই কমবে। তাই মফস্বলের চিকিৎসা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সততার সঙ্গে কার্যক্রম চালাতে হবে।
প্রবীণ চিকিৎসক মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

