নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
জানা গেছে, আটককৃত ওই নেতার নাম মজিবুর রহমান রুহিত (২৬)। তিনি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য। রুহিত সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগনে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তবে কোন কোন মামলায় তিনি অভিযুক্ত এবং মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

