গোয়াইনঘাট সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গতকল সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ অভিনন্দন জানানো হয়।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল।
সভায় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
সভা থেকে আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচি প্রতিহত করতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ডিসেম্বর মাসে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল, মিটিংসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি ডিসেম্বরজুড়ে বিএনপির ঘোষিত সব কর্মসূচি সফল ও সার্থক করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

