সিলেটমঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

টানা ৩ দিনের অবরোধের কবলে সিলেট, কড়া নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

admin
অক্টোবর ৩১, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সরকার পতনের এক দফা দাবিতে তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত-বিএনপি। সোমবার দিবাগত ১২টা থেকে এ অবরোধ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌ-পথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত।

তবে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ৭টায় মহানগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টাসহ বিভিন্ন স্থান ঘুরে নিজস্ব ফটো সাংবাদিকরা জানান- গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি। তবে তখন পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। এছাড়া সিএনজি অটোরিকশা, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।

এদিকে, বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার বিএনপি-জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতালে উত্তপ্ত হয় সিলেট। সকাল ৮টা থেকে দুপুরের পর পর্যন্ত বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ‘অতর্কিত’ পিকেটিং চলে। বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাস, রিকশা ও লেগুনায় আগুন দেন। ভাঙচুর করেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। বাদ যায়নি সাংবাদিকের মোটরসাইকেলও। দুপুর পর্যন্ত বন্দর ও জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ। এসময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় সিলেটে তাদের ৫ সদস্য আহত হয়েছেন।

এসব ঘটনায় বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করে ৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩টি মামলার বাদী পুলিশ ও বাকি দুটি করেছেন ভুক্তভোগী সাধারণ দুজন। ৫টির মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় ৩ এবং এয়ারপোর্ট, জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় একটি করে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি ৬৯ জন।

এদিকে, রবিবার হরতালে পিকেটিংকালে পুলিশের হাতে আটক ৮ জনকে এসব মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী।