সিলেটসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

জকিগঞ্জ বাজারে মাংস বিক্রি নিয়ে উত্তেজনা, ইউএনও কার্যালয় ঘেরাও

admin
নভেম্বর ৯, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ বাজারে নির্ধারিত সেডের বাহিরে মাংস বিক্রি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে তাঁরা ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর। বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা অভিযোগ করেন, কালো টাকার বিনিময়ে বাজারের প্রচলিত নিয়মের বাইরে মাংস বিক্রির সুযোগ দেওয়া হয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জকিগঞ্জ বাজারের নদীর পাড়ে নির্ধারিত সেডে প্রায় এক শতাব্দী ধরে মাংস বিক্রি হয়ে আসছে। তবে সম্প্রতি কয়েকজন নতুন ব্যবসায়ী বাজারের মাঝখানে মাংস বিক্রি শুরু করেন। এতে বাজারের পরিবেশ, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে সাধারণ ক্রেতাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যেও আপত্তি দেখা দেয়।

ব্যবসায়ীদের অভিযোগ, ইউএনও সুজিত কুমার চন্দ যোগদানের আগে ওই স্থান থেকে মাংস বিক্রেতাদের সরাতে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উচ্ছেদের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হয়েছিল। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকেও একাধিকবার সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর আবারও একই স্থানে মাংস বিক্রি শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সর্বশেষ গত তিন দিন ধরে বাজারের মাঝখানে মাংস বিক্রি শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা।

সোমবার দুপুরে বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের নেতৃত্বে ব্যবসায়ীরা মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শামীম আহমদ অভিযোগ করেন, ইউএনও কালো টাকার বিনিময়ে অবৈধভাবে মাংস বিক্রির সুযোগ করে দিয়েছেন। অবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি।

খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় পৌর বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

একপর্যায়ে ইউএনও সুজিত কুমার চন্দ বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সামনে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানে চার ঘণ্টা সময় চান। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারিত সেডের বাইরে মাংস বিক্রি স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ইউএনও বলেন, ‘আইনিভাবে তাদের সুযোগ দেওয়া হয়েছিল। আবারও আইন অনুযায়ী তাদের সরিয়ে দেওয়া হবে।’ তাঁর আশ্বাসের পর আইনকে সম্মান জানিয়ে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন ব্যবসায়ী নেতারা।

তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, নির্ধারিত সেডের বাইরে মাংস বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাঁদের অভিযোগ, মাংস ব্যবসার আড়ালে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের কালোটাকার প্রভাব থাকলে সাধারণ ব্যবসায়ীরা ন্যায়বিচার পাবেন না। এ পরিস্থিতির অবসান না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।

এদিকে ইউএনও সুজিত কুমার চন্দের বিরুদ্ধে এর আগেও স্থানীয়ভাবে বিভিন্ন অভিযোগ ও অসন্তোষের কথা আলোচনায় এসেছে। জন্মনিবন্ধন সেবা নিতে হয়রানি এবং ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তাঁর কার্যালয়ে তালা দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া নিয়মিত উপজেলা কার্যালয়ে দায়িত্ব পালন না করে সরকারি গাড়িতে মৌলভীবাজারের পুরাতন মেডিকেল রোডের একটি বাসায় যাতায়াতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি।