স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নজীরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। তাকে অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘৩০০ ফিট’ নামে পরিচিত মহাসড়ক পর্যন্ত অগণিত মানুষের ঢল নামে। ঐতিহাসিক ও নজীরবিহীন এই জনসমাগমে পুরো ঢাকা মহানগরী জনসমুদ্রে রূপ নেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারাদেশের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।আরও জানানো হয়, এছাড়া অভ্যর্থনা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান। আজকের অভ্যর্থনা অনুষ্ঠান কাভার করা সকল গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

